WhatsApp স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত অতিরিক্ত প্রাইভেসি পলিসি
কার্যকরী তারিখ: 14 জুলাই, 2025
গুরুত্বপূর্ণ আপডেট:
আমরা WhatsApp চ্যানেল সংক্রান্ত অতিরিক্ত প্রাইভেসি পলিসির নাম আপডেট করে স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত প্রাইভেসি পলিসি করেছি, এটি WhatsApp প্রাইভেসি পলিসির পরিপূরক। আপডেটের মধ্যে রয়েছে:
- এই প্রাইভেসি পলিসির নাম ও প্রয়োগের ক্ষেত্র: 'চ্যানেল সংক্রান্ত অতিরিক্ত প্রাইভেসি পলিসি' এখন পরিবর্তিত হয়ে 'WhatsApp স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত অতিরিক্ত প্রাইভেসি পলিসি' (আগে WhatsApp-এর 'আপডেটসমূহ' ট্যাব সংক্রান্ত অতিরিক্ত প্রাইভেসি পলিসি নামে পরিচিত ছিল) হয়েছে। আগে এর অধীনে শুধুমাত্র চ্যানেল ছিল, এখন স্ট্যাটাস ও চ্যানেলও এর আওতায় থাকবে।
- চ্যানেলের সাবস্ক্রিপশন। চ্যানেলের অ্যাডমিনরা সাবস্ক্রিপশন সেট আপ করতে পারবেন এবং সাবস্ক্রাইবারদের সাথে চ্যানেলের আপডেট শেয়ার করার জন্য মাসিক পেমেন্ট পেতে পারেন।
- স্ট্যাটাস ও চ্যানেলে বিজ্ঞাপন। আমরা স্ট্যাটাস ও চ্যানেলে বিজ্ঞাপন চালু করছি। যেমন, চ্যানেলের অ্যাডমিনরা এখন পেমেন্ট করে তাদের চ্যানেলের প্রচার করতে পারবেন, চ্যানেল ডিরেক্টরিতেও এই সুবিধা থাকবে। পাশাপাশি, বিভিন্ন বিজনেস, পেমেন্ট করে স্ট্যাটাসে তাদের বিজ্ঞাপন দেখাতে পারবেন। এইসব ফিচার অফার করার জন্য WhatsApp অতিরিক্ত তথ্য প্রক্রিয়া করা শুরু করবে, যা নিচে বর্ণনা করা হয়েছে। শুধুমাত্র স্ট্যাটাস ও চ্যানেলেই বিজ্ঞাপন দেখা যাবে - লোকজন তাদের চ্যাট লিস্ট বা ব্যক্তিগত মেসেজে বিজ্ঞাপন দেখতে পাবেন না। আপনার ব্যক্তিগত মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে এবং আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য এগুলো ব্যবহার করা যাবে না। আমরা সেই অনুসারে WhatsApp প্রাইভেসি প��িসি আপডেট করেছি।
WhatsApp স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত অতিরিক্ত প্রাইভেসি পলিসি কী?
আপনি স্ট্যাটাস ও চ্যানেলের মতো ঐচ্ছিক ফিচারগুলো ব্যবহার করলে, আমরা কীভাবে তথ্য ব্যবহার করি তা এই WhatsApp স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত অতিরিক্ত প্রাইভেসি পলিসি (“স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত প্রাইভেসি পলিসি”) আপনাকে বুঝতে সাহায্য করে। আমরা যখন “WhatsApp”, “আমাদের”, “আমরা” বা “আমাদেরকে” বলি, তখন আমরা WhatsApp LLC-এর কথা বলি।
স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসি, WhatsApp প্রাইভেসি পলিসির পরিপূরক এবং এই পলিসি স্ট্যাটাস ও চ্যানেল সহ আমাদের সব পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে প্রযোজ্য হয়। বড় হাতের অক্ষরে লেখা এমন যে কোনো শব্দ, যা স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু সংজ্ঞায়িত করা হয়নি, সেই শব্দের মানে WhatsApp প্রাইভেসি পলিসিতে সংজ্ঞায়িত করা হয়েছে। স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসি ও WhatsApp প্রাইভেসি পলিসির মধ্যে কোনো বিরোধ হলে, স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহার করার ক্ষেত্রে ও শুধুমাত্র বিরোধের ক্ষেত্র পর্যন্ত, স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসি প্রযোজ্য হবে।
আপনি স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহার করলে, স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত অতিরিক্ত পরিষেবার শর্তাবলী প্রযোজ্য হবে। আপনি যেখানে এই শর্তাবলী স্বীকার করবেন, সেখানে চ্যানেল সংক্রান্ত অতিরিক্ত প্রাইভেসি পলিসির পরিবর্তে স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসি সম্পূর্ণভাবে প্রযোজ্য হবে। এছাড়াও আপনি চ্যানেল ব্যবহার করলে, WhatsApp চ্যানেল নির্দেশিকা প্রযোজ্য হয়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহার করলে আপনার ব্যক্তিগত WhatsApp মেসেজের প্রাইভেসি প্রভাবিত হয় না এবং WhatsApp প্রাইভেসি পলিসির বর্ণনা অনুসারে এই মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেডই থাকে।
স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসির আওতায় কী রয়েছে?
স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসির আওতায় WhatsApp-এ উপলভ্য বিভিন্ন ঐচ্ছিক প্রোডাক্ট, ফিচার ও পরিষেবা রয়েছে, যার মধ্যে রয়েছে:
স্ট্যাটাস হলো একটি ঐচ্ছিক ফিচার, যার সাহায্যে ইউজাররা পরিচিতি বা নির্বাচিত অডিয়েন্সের সাথে নির্দিষ্ট সময় পর অদৃশ্য হয়ে যায় এমন ফটো, ভিডিও ও টেক্সট আপডেটের মতো কনটেন্ট, (“স্ট্যাটাস আপডেট”) শেয়ার বা আবার শেয়ার করতে পারেন। আপনি WhatsApp-এ স্ট্যাটাসের আপডেট শেয়ার করলে, তা এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
চ্যানেল, WhatsApp-এর মধ্যে থাকা একটি ঐচ্ছিক, ওয়ান-ওয়ে বা একমুখী ব্রডকাস্টিং ফিচার, এটি আমাদের ব্যক্তিগত মেসেজিং পরিষেবা থেকে আলাদা এবং এর সাহায্যে আপনি একটি চ্যানেল তৈরি বা পরিচালনা করতে পারেন (এক্ষেত্রে, আপনি চ্যানেলের “অ্যাডমিন”) হন), যেখানে অন্যদের দেখার জন্য আপনি আপডেট শেয়ার করতে পারেন (“চ্যানেলের আপডেট”)। এছাড়াও, আপনি চ্যানেলের আপডেট দেখতে এবং সেগুলোর সাথে ইন্টার্যাক্ট করতে পারেন এবং ফলোয়ার (“ফলোয়ার”) হিসাবে নির্দিষ্ট চ্যানেল ফলো করতে পারেন। যারা ফলোয়ার নন (“দর্শক”), তারাও চ্যানেলের আপডেট দেখতে ও সেগুলোর সাথে ইন্টার্যাক্ট করতে পারেন।
চ্যানেলের সাবস্ক্রিপশন, এমন চ্যানেল যা শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য উপলভ্য চ্যানেলের আপডেট ("সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেট") পাওয়ার জন্য, ফিয়ের বিনিময়ে সাবস্ক্রাইব করার সুবিধা দেয়। আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করলে, চ্যানেলের সাবস্ক্রিপশন পরিষেবার শর্তাবলীও প্রযোজ্য হয়।
স্ট্যাটাস ও চ্যানেলে বিজ্ঞাপন। বিভিন্ন বিজ্ঞাপনদাতা, বিজনেস, সংগঠন ও অন্যান্যরা আপনাকে স্ট্যাটাস ও চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর জন্য পেমেন্ট করতে পারেন, এর মধ্যে প্রচারিত চ্যানেল ও স্ট্যাটাসে দেখানো বিজ্ঞাপন অন্তর্ভুক্ত থাকে। স্ট্যাটাস ও চ্যানেলে বিজ্ঞাপন দেখানো ধীরে ধীরে শুরু হচ্ছে, তাই আপনাকে তা দেখার জন্য ওঅপেক্ষা করতে হতে পারে।
এটি কীভাবে আমার নিয়মিত WhatsApp মেসেজ ও কলে প্রভাব ফেলে?
গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহার করলে আপনার ব্যক্তিগত WhatsApp মেসেজ ও কলের প্রাইভেসি প্রভাবিত হয় না এবং WhatsApp প্রাইভেসি পলিসির বর্ণনা অনুসারে এগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে। আমরা চ্যানেল ও স্ট্যাটাসে আপনাকে বিজ্ঞাপন দেখাতে, আপনার ব্যক্তিগত মেসেজ বা কলের কনটেন্ট ব্যবহার করব না।
আমরা যেসব তথ্য সংগ্রহ করি
আমাদের পরিষেবাতে আমরা কোন তথ্য সংগ্রহ করি, WhatsApp প্রাইভেসি পলিসিতে তার বর্ণনা দেওয়া আছে। এছাড়াও, আপনি স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহার করলে, আমরা নিচে উল্লেখ করা তথ্য সংগ্রহ করি:
স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত তথ্য
- চ্যানেল সংক্রান্ত তথ্য। চ্যানেল তৈরি করতে, অ্যাডমিনদের অবশ্যই চ্যানেলের নাম সহ প্রাথমিক তথ্য দিতে হবে। অ্যাডমিনরা চাইলে অন্যান্য তথ্যও যোগ করতে পারেন, যেমন চ্যানেল অ্যাডমিনের একটি অনন্য নাম, আইকন, প্রোফাইলের ছবি, বর্ণনা বা থার্ড-পার্টি সাইটের লিঙ্ক।
- চ্যানেলের আপডেট। অ্যাডমিনরা অন্যদের দেখানোর জন্য তাদের চ্যানেলের যে কনটেন্ট তৈরি বা শেয়ার করেন আমরা চ্যানেলের সেইসব আপডেট ও সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেট সংগ্রহ করি, যেমন টেক্সট, ভিডিও, ফটো, ইমেজ, ডকুমেন্ট, লিঙ্ক, gif, স্টিকার, অডিও কনটেন্ট বা অন্য ধরনের কনটেন্ট।
- ফলোয়ার, দর্শক ও অন্যান্য ব্যক্তি। আমরা ফলোয়ার ও দর্শকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করি, যেমন তাদের প্রতিক্রিয়া, ভাষা সংক্রান্ত পছন্দ ও তারা যে চ্যানেল ফলো করেন।
- ব্যবহার এবং লগ সংক্রান্ত তথ্য। স্ট্যাটাস ও চ্যানেলে আপনি যা করেন সেই সংক্রান্ত তথ্য আমরা সংগ্রহ করি, যেমন, পরিষেবা সংক্রান্ত, ডায়াগনস্টিক ও পারফরম্যান্সের তথ্য। এছাড়াও, আমরা স্ট্যাটাস ও চ্যানেলে আপনার অ্যাক্টিভিটি ও ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করি, এর মধ্যে আপনি যে ধরনের চ্যানেল দেখেন ও সাবস্ক্রাইব করেন এবং কীভাবে সেগুলোর সাথে ইন্টার্যাক্ট করেন; আপনি কখন স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহার করে কনটেন্ট তৈরি, শেয়ার করেন বা বাদ দেন; চ্যানেলের, চ্যানেলের আপডেটের, সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেটের ও স্ট্যাটাসের আপডেটের মেটাডেটা; অডিয়েন্সের ভিউ ও প্রতিক্রিয়া এইসব তথ্য থাকে; আপনি স্ট্যাটাস ও চ্যানেলের কোন ফিচার ও সেটিংস ব্যবহার করেন এবং কীভাবে সেগুলোর সাথে ইন্টার্যাক্ট করেন এবং স্ট্যাটাস ও চ্যানেলে আপনার অ্যাক্টিভিটির সময়, ফ্রিকোয়েন্সি ও সময়সীমা।
- ইউজারের রিপোর্ট। ইউজার বা থার্ড-পার্টি, আমাদের শর্তাবলী বা নীতি বা স্থানীয় আইনের সম্ভাব্য লঙ্ঘন সম্পর্কে রিপোর্ট করার জন্য, আপনার চ্যানেল বা চ্যানেলের আপডেট, সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেট বা স্ট্যাটাস আপডেট সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করা হলে, যিনি রিপোর্ট করেছেন এবং যে ইউজারের(দের) বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে তার(তাদের) সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি এবং রিপোর্ট সম্পর্কে তদন্ত করার জন্য আমাদের সাহায্য করতে পারে এমন অন্যান্য তথ্য সংগ্রহ করি, যেমন, সংশ্লিষ্ট চ্যানেল বা চ্যানেলের আপডেট, চ্যানেলে ইউজারের ইন্টার্যাকশন ও অ্যাক্টিভিটি এবং অন্যান্য তথ্য, যেমন, কতজন ফলোয়ার চ্যানেল মিউট করেছেন এবং অন্য ইউজারদের করা রিপোর্ট বা কোনো কার্যকরী পদক্ষেপ সংক্রান্ত তথ্য। আরও জানতে, আমাদের WhatsApp চ্যানেলের নির্দেশিকা এবং উন্নত সুরক্ষা ও নিরাপত্তার ফিচার দেখুন।
চ্যানেলের সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য
- সাবস্ক্রিপশনের জন্য অ্যাডমিনের তথ্য। চ্যানেলের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে, অ্যাডমিন চ্যানেলের সাবস্ক্রিপশন সেট-আপ ও পরিচালনা করলে, আমরা অতিরিক্ত কিছু তথ্য় সংগ্রহ করি, যেমন, সাবস্ক্রিপশনের দাম, বিলিং ও রিনিউ করার সময়সীমা, বাতিলকরণ ও সাবস্ক্রিপশন সমাপ্তি সংক্রান্ত তথ্য।
- সাবস্ক্রাইবার সংক্রান্ত তথ্য। আপনি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করা বেছে নিলে, কোন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রিপশন শুরুর তারিখ ও তা রিনিউ করার মেয়াদের মতো তথ্য সংগ্রহ করি।
- সাবস্ক্রিপশনের পেমেন্ট সংক্রান্ত তথ্য। আপনি যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করলে, আপনার পেমেন্ট পদ্ধতি ও লেনদেনের পরিমাণের মতো তথ্যও আমরা সংগ্রহ করি। আমরা Apple App Store বা Google Play-এর মতো একাধিক থার্ড-পার্টি পেমেন্ট পরিষেবা প্রদানকারীর সাথে কাজ করি, যারা আপনার লেনদেন সংক্রান্ত তথ্য আমাদের দেবে, যাতে আপনার পেমেন্ট ও সাবস্ক্রিপশন প্রসেস করা যায়।
বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য
- আপনাকে স্ট্যাটাস ও চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হলে সেগুলোর সাথে আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত তথ্য আমরা সংগ্রহ করি, যেমন, আপনি বিজ্ঞাপনটি দেখেছেন বা তাতে ট্যাপ করেছেন কি না, প্রচার করা কোনো চ্যানেল ফলো অথবা WhatsApp-এ কোনো কিছু অর্ডার বা কেনাকাটা করেছেন কি না, এমন তথ্য। এছাড়াও, আমরা বিজ্ঞাপনদাতাদের সাথে আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করি, যেমন, বিজ্ঞাপনে ইন্টার্যাক্ট করার পর আপনি সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতার সাথে কতগুলো মেসেজ বা কল আদান-প্রদান করেছেন।
অ্যাকাউন্ট সেন্টার সংক্রান্ত তথ্য
- অ্যাকাউন্ট সেন্টার। আপনি যদি অ্যাকাউন্ট সেন্টারে আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করেন, তাহলে আমরা একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে তথ্য একত্রিত করব। অ্যাকাউন্ট সেন্টারে আপনার অ্যাকাউন্ট যোগ করলে, WhatsApp আপনার সম্পর্কে যেসব তথ্য সংগ্রহ করে, সেই সম্পর্কে আরও জানুন।
আমরা যেভাবে তথ্য ব্যবহার করি
সংগ্রহ করা তথ্য আমরা নিম্নলিখিত বিভিন্ন উপায়ে ব্যবহার করি:
- স্ট্যাটাস ও চ্যানেল সরবরাহ করে। আমাদের কাছে থাকা তথ্য আমরা স্ট্যাটাস ও চ্যানেল পরিচালনা, সরবরাহ ও উন্নত করার জন্য ব্যবহার করি, এর মধ্যে আপনাকে আরও পার্সোনালাইজ করা অভিজ্ঞতা দেওয়াও অন্তর্ভুক্ত থাকে। উদাহরণ, চ্যানেল ও স্ট্যাটাস বা চ্যানেলের আপডেট ও স্ট্যাটাস আপডেট তৈরি, ফলো করতে অথবা এর সাথে ইন্টার্যাক্ট করার সুবিধা দিতে, স্ট্যাটাস ও চ্যানেলের আরও ফিচার দিতে বা ডেভেলপ করতে সাহায্য পাওয়ার জন্য অথবা স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহার করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা উন্নত করতে, যেমন, আপনার জন্য আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় হতে পারে এমন কনটেন্ট আপনাকে দেখাতে বা সুপারিশ করতে, আমরা এই তথ্য ব্যবহার করতে পারি। স্ট্যাটাস আপডেট এমনিতে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
- স্ট্যাটাস ও চ্যানেলের ব্যবহার বুঝতে। আমরা স্ট্যাটাস ও চ্যানেলের কার্যকারিতা, পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন ও বিশ্লেষণ করতে, লোকেরা কীভাবে স্ট্যাটাস ও চ্যানেলের ফিচার ব্যবহার করেন এবং সেগুলোর সাথে ইন্টার্যাক্ট করেন তা বুঝতে এবং আমরা কীভাবে নিজেদের পরিষেবা ডেভেলপ ও আরও ভালো করতে পারি, তা নির্ধারণ করতে আমরা তথ্য ব্যবহার করি।
- অ্যাডমিনের জন্য অতিরিক্ত পরিষেবা। আমরা অ্যাডমিনকে অতিরিক্ত পরিষেবা অফার করতে পারি যেমন, তাদের চ্যানেলের এনগেজমেন্ট মেট্রিক্স সংক্রান্ত তথ্য প্রদান করা।
- নিরাপত্তা, সুরক্ষা ও সত্যতার জন্য। ক্ষতিকারক আচরণের বিরুদ্ধে লড়াই করা সহ আমাদের পরিষেবার নিরাপত্তা, সুরক্ষা ও সত্যতা নিশ্চিত করতে; ইউজারদের খারাপ বা ক্ষতিকারক অভিজ্ঞতা থেকে রক্ষা করতে; আমাদের WhatsApp চ্যানেলের নির্দেশিকা সহ সন্দেহজনক অ্যাক্টিভিটি বা আমাদের শর্তাবলী ও নীতির লঙ্ঘন শনাক্ত ও তদন্ত করতে এবং চ্যানেল সহ আমাদের পরিষেবা আইনসঙ্গতভাবে ব্যবহার করা হচ্ছে কি না তা নিশ্চিত করতে, আমরা নিজেদের কাছে থাকা তথ্য (চ্যানেলের আপডেট এবং স্ট্যাটাস ও চ্যানেলে আপনার করা অ্যাক্টিভিটি সহ) ব্যবহার করি।
আমরা স্ট্যাটাস ও চ্যানেলে বিজ্ঞাপনের জন্য তথ্য কীভাবে ব্যবহার করি
- আমরা যদি চ্যানেল ও স্ট্যাটাসে আপনাকে বিজ্ঞাপন দেখাই, সেক্ষেত্রে আমাদের বিজ্ঞাপন পরিষেবা দিতে ও তা মূল্যায়ন করতে সীমিত ধরনের কিছু তথ্যও ব্যবহার করি। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টের প্রাথমিক তথ্য, যেমন, দেশের কোড, ডিভাইসের তথ্য, যেমন, ভাষা, সাধারণ (সঠিক নয়) লোকেশন এবং স্ট্যাটাস ও চ্যানেলে করা অ্যাক্টিভিটি, যেমন, ফলো করা চ্যানেল এবং বিজ্ঞাপনে ইন্টার্যাকশন করার তথ্য। আমরা যেহেতু আপনাকে আকর্ষণীয় ও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে চাই, তাই আপনাকে বিজ্ঞাপন দেখানো হলে সেই বিজ্ঞাপন সম্পর্কে অনুমান করে তা পার্সোনালাইজ করতে এবং সেগুলো কেমন পারফর্ম করে তা মূল্যায়ন করতে, আমরা এই তথ্য ব্যবহার করি।
- এছাড়াও, আমরা বিজ্ঞাপনদাতা, বিজনেস ও অন্যদেরকে তাদের বিজ্ঞাপন কেমন পারফর্ম ও কাজ করছে তা মূল্যায়ন করতে সাহায্য করার জন্য মূল্যায়ন, বিশ্লেষণ ও বিজনেস সংক্রান্ত পরিষেবা দিই।
আমরা কীভাবে চ্যানেল সাবস্ক্রিপশনের জন্য তথ্য ব্যবহার করি
আপনি অ্যাডমিন অথবা সাবস্ক্রাইবার হিসাবে চ্যানেল সাবস্ক্রিপশন ব্যবহার করলে, আমরা চ্যানেল সাবস্ক্রিপশন দেওয়া এবং পরিচালনা করার জন্য আমাদের কাছে থাকা তথ্য ব্যবহার করি, যার মধ্যে সাবস্ক্রিপশন শুরু করা, রিনিউ এবং সমাপ্ত করা; পেমেন্ট এবং পেআউট পরিচালনা করা; এবং সাবস্ক্রাইবারদের সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেট দেওয়া, রয়েছে।
তথ্য কীভাবে শেয়ার করা হয়
স্ট্যাটাস ও চ্যানেলের তথ্য নিম্নলিখিত উপায়ে শেয়ার করা হয়:
- পাবলিক তথ্য। মনে রাখবেন, চ্যানেলের আপডেট, সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেট এবং যেসব তথ্য অ্যাডমিন চ্যানেলে শেয়ার করেন, সেগুলো পাবলিক হয় এবং অডিয়েন্স, সাবস্ক্রিপশন বা প্রাইভেসি সেটিংস অনুসারে অন্যরা তা দেখতে পারেন। আপনার পরিচিতি বা বেছে নেওয়া অডিয়েন্স, স্ট্যাটাসের আপডেট দেখতে পাবেন। অবশ্যই মনে রাখবেন, যে কেউ চ্যানেলের আপডেট ও স্ট্যাটাস আপডেট সহ, স্ট্যাটাস ও চ্যানেলে আপনার শেয়ার করা তথ্যের স্ক্রিনশট ক্যাপচার করতে বা তা রেকর্ড করতে পারবেন এবং সেগুলো WhatsApp-এ বা অন্য কাউকে পাঠাতে পারবেন অথবা আমাদের পরিষেবার বাইরে শেয়ার, এক্সপোর্ট বা আপলোড করতে পারবেন।
- এম্বেড করা লিঙ্কে ক্লিক করা। WhatsApp-এর অন্যান্য জায়গার মতোই, আপনি স্ট্যাটাস ও চ্যানেলে থার্ড-পার্টি সাইটের লিঙ্কে ক্লিক করতে পারেন, যেমন, চ্যানেলের আপডেট বা স্ট্যাটাস আপডেটের লিঙ্ক। এই ধরনের লিঙ্কে ক্লিক করলে, আপনি সংশ্লিষ্ট থার্ড-পার্টি সাইটে তথ্য পাঠাতে পারেন। মনে রাখবেন, আপনি থার্ড-পার্টি সাইটে গেলে, তখন তাদের নিজস্ব শর্তাবলী এবং প্রাইভেসি নীতি আপনার সেই পরিষেবা এবং প্রোডাক্টের ব্যবহারকে পরিচালনা করবে।
- অডিয়েন্স। কারা চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করছেন, সেই চ্যানেলের অ্যাডমিন তা দেখতে পারবেন। ইউজারের স্ট্যাটাস আপডেট কারা দেখেছেন ও প্রতিক্রিয়া জানিয়েছেন তা তিনি দেখতে পারবেন।
- থার্ড-পার্টি পরিষেবা প্রদানকারী এবং Meta-র আওতাভুক্ত কোম্পানি। আমরা স্ট্যাটাস ও চ্যানেল পরিচালনা, সরবরাহ, উন্নত করতে, বুঝতে এবং তাতে সহায়তা করতে থার্ড-পার্টি পরিষেবা প্রদানকারী ও অন্যান্য Meta-র আওতাভুক্ত কোম্পানির সাথে কাজ করি। আমরা স্ট্যাটাস ও চ্যানেলের এবং আমাদের পরিষেবায় সুরক্ষা, নিরাপত্তা ও সত্যতা সুনিশ্চিত করতে Meta-র আওতাভুক্ত কোম্পানির সাথেও কাজ করি। এর জন্য আমরা সক্রিয়ভাবে ও প্রতিক্রিয়ামূলকভাবে কনটেন্ট অথবা স্ট্যাটাস ও চ্যানেলের ব্যবহার সংক্রান্ত সম্ভাব্য লঙ্ঘন শনাক্ত করতে, ক্লাসিফায়ার, আমাদের কাছে উপলভ্য কনটেন্ট ও আচরণগত সংকেতের কম্বিনেশন ব্যবহার করা শনাক্তকরণ ও মূল্যায়ন টুল, মানব রিভিউ ও ইউজারের অভিযোগ ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা নিই। এই কারণে থার্ড-পার্টি পরিষেবা প্রদানকারী ও অন্যান্য Meta-র আওতাভুক্ত কোম্পানি যখন এই ধরনের তথ্য পায়, তখন তাদের অবশ্যই আমাদের পক্ষ থেকে, আমাদের নির্দেশাবলী ও শর্তাবলী অনুসারে এই তথ্য ব্যবহার করতে হয়।
- অ্যাকাউন্ট সেন্টার। আপনি অ্যাকাউন্ট সেন্টারে নিজের WhatsApp অ্যাকাউন্ট যোগ করলে, কীভাবে আপনার তথ্য শেয়ার করা হবে সেই সম্পর্কে আরও জানতে এখানে দেখুন।
সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্য নিম্নলিখিতভাবে শেয়ার করা হয়:
- পেমেন্ট পরিষেবা প্রদানকারী। আপনি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করলে, পেমেন্ট ও লেনদেন প্রসেস করার জন্য আমরা Google Play Store ও Apple App Store-এর মতো থার্ড-পার্টি পেমেন্ট পরিষেবা প্রদানকারীর সাথে কাজ করি। আমরা এইসব থার্ড-পার্টি পেমেন্ট পরিষেবা প্রদানকারীর সাথে, যাচাইকরণ এবং লেনদেনের মতো তথ্য শেয়ার করি। মনে রাখবেন, আপনি এইসব থার্ড-পার্টি পেমেন্ট পরিষেবা প্রদানকারীর প্ল্যাটফর্ম ব্যবহার করলে, তাদের নিজস্ব শর্তাবলী এবং প্রাইভেসি পলিসি সেই সব পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন সম্পর্কিত তথ্য নিম্নলিখিতভাবে শেয়ার করা হয়:
- যেসব বিজনেস ও অ্যাডমিন WhatsApp-এ বিজ্ঞাপন দেখান, আমরা তাদের বিজ্ঞাপনের পারফরম্যান্স সংক্রান্ত রিপোর্ট দেবো, যেমন, বিজ্ঞাপনে বেশি এনগেজমেন্ট পাওয়া গেছে কি না বা তা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে কি না, ইত্যাদি।
- আপনি যদি আপনার WhatsApp অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেন্টারে যোগ করে থাকেন, তাহলে আপনার তথ্য একত্রিত করা হবে এবং একই অ্যাকাউন্ট সেন্টারে থাকা সব অ্যাকাউন্টে তা ব্যবহার করা হবে, আপনার এবং অন্যদের জন্য বিজ্ঞাপন পার্সোনালাইজ করা এবং তা কীভাবে কাজ করে তা পরিমাপ করার জন্যও এটি করা হবে।
আপনার তথ্য পরিচালনা করা ও সংরক্ষণ করে রাখা
WhatsApp-এর প্রাইভেসি পলিসিতে নির্ধারিত আমাদের ইন-অ্যাপ সেটিংস ব্যবহার করে, আপনার চ্যানেলের তথ্য অ্যাক্সেস, পরিচালনা বা পোর্ট করতে পারবেন।
- সাবস্ক্রাইবারদের জন্য পাবলিক চ্যানেলের আপডেট এবং সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেট সংরক্ষণ করে রাখা। সাধারণভাবে চ্যানেলের পরিষেবা দেওয়ার সময়, নিরাপত্তা, সুরক্ষা ও সত্যতার উদ্দেশ্যে অথবা অন্য আইনি বা সম্মতি সংক্রান্ত দায়বদ্ধতার কারণে এবং অ্যাডমিনের বেছে নেওয়া কোনো আর্কাইভ সংক্রান্ত বিকল্প অনুসারে, চ্যানেলের আপডেট এবং সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেট আমরা ৩০ দিন পর্যন্ত সার্ভারে স্টোর করি। দর্শক, ফলোয়ার বা সাবস্ক্রাইবারের ডিভাইসে, চ্যানেলের আপডেট এবং সাবস্ক্রিপশন নেওয়া চ্যানেলের আপডেট আরও বেশি সময়ের জন্য স্টোর করা থাকতে পারে। যদিও, অ্যাডমিন বেছে নিলে, এইসব আপডেট যাতে আরও দ্রুত, যেমন, ৭ দিন বা ২৪ ঘণ্টা পর চলে যায় সেই বিকল্পও আমরা দিতে পারি।
- স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত তথ্য আমাদের কাছে স্টোর করা। স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসি এবং WhatsApp প্রাইভেসি পলিসিতে উল্লেখ করা উদ্দেশ্য অনুযায়ী, প্রয়োজন অনুসারে আমরা অন্যান্য তথ্যও স্টোর করি, যার মধ্যে স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত পরিষেবা দেওয়া অথবা অন্যান্য বৈধ উদ্দেশ্য, যেমন, আইনি দায়বদ্ধতা মেনে চলা, আমাদের শর্তাবলী ও নীতি কার্যকর করা এবং এর লঙ্ঘন প্রতিরোধ করা অথবা আমাদের অধিকার, সম্পত্তি ও ইউজারদের সুরক্ষা বা রক্ষা করা ইত্যাদি কারণ রয়েছে। স্টোরেজের সময়সীমা প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে নির্ধারিত হয়, যা তথ্যের প্রকৃতি, তা কেন সংগ্রহ করা ও প্রক্রিয়া করা হয়, প্রাসঙ্গিক আইনি বা প্রয়োগগত কারণে তথ্য আমাদের কাছে ধরে রাখার প্রয়োজনীয়তা ও আইনি দায়বদ্ধতার মতো বিষয়ের উপর নির্ভর করে।
- আপনার চ্যানেল বাদ দেওয়া। আপনি অ্যাডমিন হলে, আপনার চ্যানেল বাদ দেওয়ার ফলে চ্যানেল ও চ্যানেলের আপডেট সরে যাবে এবং সেক্ষেত্রে চ্যানেলের অন্য ইউজাররা তা আর অ্যাক্সেস করতে পারবেন না। মনে রাখবেন, প্রযুক্তিগত কারণে আমাদের সার্ভার থেকে আপনার তথ্য বাদ দিতে বা ডিআইডেন্টিফাই (অ-শনাক্ত) করতে, বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়াও, আইনি দায়বদ্ধতা মেনে চলা, আমাদের শর্তাবলী ও নীতির লঙ্ঘন বা ক্ষতি আটকানোর চেষ্টার মতো বিষয়ের জন্য আমরা আপনার কিছু তথ্য নিজেদের কাছে রাখতে পার���। অনুগ্রহ করে মনে রাখবেন, আপনি নিজের চ্যানেল বাদ দিলে, আগে থেকে চ্যানেলের অন্য ইউজারদের কাছে থাকা তথ্য ও কনটেন্ট প্রভাবিত হবে না, যেমন ইউজাররা যদি চ্যানেল আপডেটের কপি তাদের ডিভাইসে স্থানীয়ভাবে সেভ করেন বা অন্য ইউজারদের কাছে তা ফরোয়ার্ড করে থাকেন অথবা আমাদের পরিষেবার বাইরে অন্য কোথাও শেয়ার করে থাকেন।
- আপনার স্ট্যাটাস আপডেট বাদ দেওয়া। স্ট্যাটাস আপডেট ২৪ ঘণ্টা পরে অদৃশ্য হয়ে যায়, তবে আপনি চাইলে স্ট্যাটাস আপডেট থেকেই তা আরও তাড়াতাড়ি বাদ দিতে পারেন।
- চ্যানেলের আপডেট সরানো। অ্যাডমিনরা চ্যানেলে আপডেট পোস্ট করার পর ৩০ দিন পর্যন্ত সেটি সরাতে পারেন।
আপনি WhatsApp-এর প্রাইভেসি পলিসিতে নির্ধারিত আমাদের ইন-অ্যাপ সেটিংস ব্যবহার করে, আপনার বিজ্ঞাপনের তথ্য অ্যাক্সেস, পরিচালনা বা পোর্ট করতে পারেন।
ডেটা বাদ দেওয়ার ও তা নিজেদের কাছে রাখার ক্ষেত্রে আমাদের নীতি এবং কীভাবে আপনার অ্যাকাউন্ট বাদ দেবেন, সেই সম্পর্কে এখানে আরও জানতে পারবেন।
আমাদের নীতিতে করা আপডেট
আমরা স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত এই প্রাইভেসি পলিসি সংশোধন বা আপডেট করতে পারি। আমরা যথাযথভাবে আপনাকে সংশোধন বা আপডেটের নোটিশ পাঠাব এবং উপরের দিকে থাকা "কার্যকর হওয়ার তারিখ" আপডেট করব। সময়ে সময়ে আমাদের স্ট্যাটাস ও চ্যানেল সংক্রান্ত প্রাইভেসি পলিসি পড়ুন।